শুক্র ও শনিবার বিএনপির বিক্ষোভ

 
শুক্রবার ঢাকায় এবং শনিবার সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে দাবিতে এ কর্মসূচির ডাকা দেয়া হয়েছে।
 
রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতা পদক যারা বাতিল করেছে তারাই মূলত স্বাধীনতা বিরোধী। এই সিদ্ধান্ত শুধু সংকীর্ণতার পরিচয় বহন করে।
 
মির্জা ফখরুল বলেন, স্বাধীনতাকে অস্বীকার করে জিয়াউর রহমানের পদক কেড়ে নেওয়া হয়েছে। সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও হীন মানসিকতা থেকে নেয়া এ সিদ্ধান্তটি রাজনৈতিক ইতিহাসে একটি নিকৃষ্ট ঘটনা।
 
মির্জা ফখরুল দাবি করেন, সরকারের এমন সিদ্ধান্ত প্রমাণ করলো সত্যিকার মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না।
 
এ সময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ।
 
 
ইত্তেফাক/কেকে