সীতাকুণ্ডে অক্সিজেন সরবরাহকারীদের কাছে শিপকাটিং ঠিকাদাররা জিম্মি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় হঠাৎ অক্সিজেন উৎপাদন কম হওয়ার সুযোগে স্থানীয়ভাবে অক্সিজেন সরবরাহকারী মালিকদের কাছে শিপ মালিক ও জাহাজ-কাটার (শিপকাটিং) ঠিকাদাররা জিম্মি এবং শিপকাটিং কাজের ব্যঘাত ঘটছে বলে অভিযোগ উঠেছে।
 
জানা গেছে, উপজেলায় ৬০/৭০টি ইয়ার্ডে কয়েক শ জাহাজ কাটার জন্য অর্ধেক অক্সিজেন সাপ্লাইয়ের যোগানদাতা সোনাইছড়ি ইউনিয়নস্থ তেতুলতলা এলাকায় অবস্থিত একমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান কোম্পানি বিওসিলিন্ডি। কিন্তু এর একটি প্লান্ট নষ্ট হয়ে যাওয়ায় অক্সিজেন সাপ্লাই কমে যায়। আর এ সুযোগে স্থানীয়ভাবে অক্সিজেন সরবরাহকারী কিছু প্রতিষ্ঠান সিন্ডিকেট করে বিদ্যুতের দাম বৃদ্ধির দোহাই দিয়ে কিছুদিন পর পর অক্সিজেন বোতলের দাম বাড়ায়। এতে করে জাহাজ কাটার কাজ ব্যাহত হয় বলে নাম প্রকাশ না করার শর্তে শিপ মালিক পক্ষ ও কাটিং ঠিকাদাররা অভিযোগ করেছে।
 
অপরদিকে বিভিন্ন অজুহাতে লাগামহীনভাবে অক্সিজেন বোতলের দাম বৃদ্ধি করার কারণে অনেক শিপকাটিং ঠিকাদার লোকসান দিয়ে হলেও জাহাজ কাটতে বাধ্য হচ্ছে। তবে এভাবে চলতে থাকলে শিপকাটিং কাজে চরম ব্যাঘাতসহ শ্রমিকরা বেকার হয়ে যেতে পারে। তাই কয়েক লক্ষ শ্রমিকের স্বার্থে এবং রাষ্ট্রের রাজস্ব আদায়ের স্বার্থে এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঠিকাদাররা স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয়ভাবে অক্সিজেন সাপ্লাইকারী মো. হালিম বিষয়টি অস্বীকার করে বলেন, ‘অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে অক্সিজেনের দাম বাড়ে।’
 
ইত্তেফাক/এএসএমইউ