বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ৩১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার ২নং বিশেষ জজ আমিরুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার আসামি ব্যারিস্টার আমিনুল হকের পক্ষে মামলার কার্যক্রম উচ্চ আদালতে স্থগিত থাকার কারণে বিচারক অভিযোগ গঠনের নতুন দিন ধার্য করেন।
খালেদার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দাখিল করা হয়েছে। অন্যদিকে এ মামলায় সাবেক মন্ত্রী এ.কে.এম মোশাররফ হোসেন আদালতে হাজিরা দিয়েছেন।
আইনজীবী মেজবাহ আরোও জানান, মামলায় ব্যারিস্টার আমিনুল হকের পক্ষে উচ্চ আদালত থেকে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে বিধায় আজ অভিযোগ গঠন হয়নি। বিচারক আগামী ৩১ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন।
নথি থেকে জানা যায়, বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। পরে একই বছরের ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
ইত্তেফাক/এসএস