দুস্থদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি গোডাউন সিলগালা

ঈদ-উল-আযহায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য নির্দিষ্ট পরিমাণ চাল না থাকায় খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) গোডাউন সিলগালা করা হয়েছে। 
 
বৃহস্পতিবার দুপুর ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ অভিযান চালান। অপরদিকে, তড়িঘড়ি করে বাইরে থেকে চাল এনে ঘাটতি পূরণ ও অনিয়ম ঢাকার চেষ্টা করলে একই সময় পুলিশ ১৪০ বস্তায় ১৭৫ মণ চাল জব্দ করে। বিষয়টির তদন্ত চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান বলেন, সেনহাটি ইউপির গোডাউনে চাল কম থাকায় তা সিলগালা করে দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। 
 
উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদ-উল-আযহা উপলক্ষে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে মোট ৫২ দশমিক ২২০ মেট্টিক টন (১ হাজার ৪০ বস্তা)  চাল বরাদ্দ দেয়া হয়। সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানের নির্দেশে ফুলতলা উপজেলা খাদ্য গুদাম থেকে গত ৪ সেপ্টেম্বর এ চাল উত্তোলন করা হয়। 
 
বৃহস্পতিবার এ চাল বিতরণের কথা ছিল। সে অনুযায়ী উপজেলা তথ্য প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা (ইউনিয়ন ট্যাগ অফিসার) সমীর বিশ্বাস চালের হিসাব দেখতে চাইলে চাল কম থাকার বিষয়টি ফাঁস হয়।
 
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষ্ণু কুমার সাহা ও উপজেলা ত্রাণ কর্মকর্তা (পিআইও) আনিসুর রহমান গোডাউনে হিসাব করে ১৪৬ বস্তা চাল কম পান। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদের গোডাউন সিলগালা করা হয়। 
 
অপরদিকে, বিষয়টি ফাঁস হওয়ায় তড়িঘড়ি করে বাইরে থেকে চাল এনে ঘাটতি পূরণ ও অনিয়ম ঢাকার চেষ্টা করলে ইউপি ঘাট থেকে একই সময়ে পুলিশ ১৪০ বস্তায় ১৭৫ মণ চাল জব্দ করে। এ সময় নৌকার মাঝি মো. হাসানকে আটক করা হয়। 
 
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত চালের হিসাব চলছে। তবে ইউপি চেয়ারম্যান কাগজপত্র দেখানোর কথা বলেছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশের পর সিদ্ধান্ত নেয়া হবে। 
 
সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান চালে অনিয়মের বিষয়ে বলেন, খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনের সময় ভুলবশত কম আনা হয়। যা ধরা পড়ার পর এনে ঘাটতি পূরণ করা হচ্ছিল। পথিমধ্যে পুলিশ তা আটক করেছে। 
 
 
ইত্তেফাক/এমআই