ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতার কারণে মনিরামপুরের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় মাস যাবত্ পানি জমে আছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। ক্ষতি পুষিয়ে নিতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠদানের চেষ্টা চালাচ্ছে।
দক্ষিণাঞ্চলের অভিশাপ হিসেবে খ্যাত ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতার কারণে মনিরামপুর উপজেলায় ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠান প্রায় মাস খানেক যাবত্ পানিবন্দি হয়ে রয়েছে। এতে সবচেয়ে বেশি শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে। পানিবন্দি এ সব এলাকার কোথাও কোথাও বিকল্প ব্যবস্থায় পাঠদান হচ্ছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের শিক্ষা কার্যক্রম কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টায় এ বিকল্প ব্যবস্থায় পাঠদান চালানো হলেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
ভবদহ অঞ্চলের মনোহরপুর, কুলটিয়া, দূর্বাডাঙ্গা, শ্যামকুড়, হরিদাসকাটি ও নেহালপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে রয়েছে পানি। কোনো বিদ্যালয়ে কোমর পানি, কোথাও হাঁটু পানি।
উপজেলার হাটগাছা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্র কান্তি বিশ্বাস বলেন, পানি নামার কোনো সম্ভাবনা দেখছি না, কবে শিশুদের নিয়ে বিদ্যালয়ে ফিরতে পারবো বলা যাচ্ছে না। শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে রাস্তার উপর পাঠদান করাচ্ছি।
উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার জানান, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পুষিয়ে নিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিকল্প ব্যবস্থায় কোথাও রাস্তার উপর, কোথাও ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকের বাড়িতে, কোথাও ভবনের ছাদের উপর আবার কোথাও মন্দিরে পাঠদান চলছে।
ইত্তেফাক/এএন