নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে ৬ষ্ঠ দিনের কর্মসূচি হিসাবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরমে সর্বস্তরের জনতা শান্তিপূর্ণ এ কর্মসূচি পালন করে। আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের বিরতির দাবি কার্যকর না হওয়ায় প্রতিদিন এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে স্থানীয়রা জানান। তারা আরো বলেন, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচি পালন করে যাবেন।
আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম বলেন, আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ দিতে আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি। আত্রাই স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালনের মধ্যদিয়ে এ দাবি আরো ত্বরান্বিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল জানান, আমাদের আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ দেয়া হলে আত্রাই, রাণীনগর, বাগমারা, নলডাঙ্গা ও সিংড়া উপজেলাসহ আশপাশের উপজেলার মানুষের অনেক সুবিধা হবে।
আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপ্রেন্দ্রনাথ দত্ত দুলাল বলেন, আত্রাইসহ পার্শ্ববর্তী উপজেলার মানুষের কথা ও রাজস্ব আয়ের স্বার্থে আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের জোর দাবি জানাচ্ছি।
ইত্তেফাক/এএন