তাসকিন-সানিকে নিয়ে ‘শতভাগ’ আশাবাদী টিম ম্যানেজার

ব্রিসবেনে তাসকিন আগেও গেছেন। তবে গত বিশ্বকাপে ব্রিসবেন ভ্রমণটা খুব সুখকর হয়নি। বিশ্বের সবচেয়ে গতিশীল এই উইকেটে বাংলাদেশের সবচেয়ে গতিশীল এই বোলার বলই করার সুযোগ পাননি। বৃষ্টি কেড়ে নিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই পরীক্ষা। এবারের পরীক্ষা অবশ্য আর কেউ কেড়ে নিতে পারেনি।
 
ফল শেষ পর্যন্ত যাই হোক, ব্রিসবেনেই গতকাল ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষাটা দিলেন তাসকিন আহমেদ। তিনি একা নন, পরীক্ষা দিলেন আরফাত সানিও। বোলিং অ্যাকশনের পরীক্ষা।
 
পরীক্ষা শেষে তাসকিন তার অফিসিয়াল ফেসবুকে ভক্তদের কাছে দোয়া চেয়ে বলেছেন, ‘পরীক্ষা শেষ। এখন রেজাল্টের অপেক্ষায়। সবাই আমার জন্য দোয়া করবেন।’
 
আইসিসির নিয়ম অনুযায়ী পরীক্ষার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ফলাফল জানা যায়। তাসকিন ও সানি দু’জনই দ্বিতীয়বার পরীক্ষা দিলেন। এবারের পরীক্ষার ফলাফল নেতিবাচক আসলে আগামী এক বছর তারা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে বাধ্য হবেন। এক বছর পর তৃতীয় দফা পরীক্ষার মাধ্যমে পাস মার্ক তুলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন। অন্তত তাসকিনের পরীক্ষার ফলাফল যে ভালো আসবে এ নিয়ে বোর্ডেরও খুব একটা সংশয় নেই।
 
বৃহস্পতিবার জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলছিলেন, ‘শতভাগ নিশ্চিত আমি। তাসকিনের যে সমস্যাগুলো ছিল আমার মনে হয় না এটা বড় কোনো সমস্যা। আপনি যদি বিশ্বের ১০০টা খেলোয়াড় খুঁজে নিয়ে আসেন এদের প্রত্যেকের মধ্যেই এমন ছোট-খাটো সমস্যা থাকবেই। বলা হচ্ছে তাসকিনের বাউন্সারে সমস্যা আছে। জোরে বল করলে এমন একটু আধটু হবেই। এছাড়া ওর ডেলিভারিটা যে একটু সাইড থেকে আসতো সেটা ঠিক করা হয়েছে। আশা করি, সে নিখুঁতভাবে ফিরতে পারবে।’
 
সুজন মনে করেন, আফগানিস্তান সিরিজের আগেই পেয়ে যাবেন তারা এই পেসারকে, ‘আমি মনে করি তাসকিনকে আফগানিস্তান সিরিজের আগেই আমরা পাবো। হয়ত তারা ২২ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দিবে।’ 
 
দেশ ছাড়ার আগে তাসকিন ও সানি দু’জনই পরীক্ষায় ইতিবাচক রেজাল্টের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই ম্যাচে প্রশ্নবিদ্ধ হওয়ার পর চেন্নাইয়ে পরীক্ষা দেন তারা। সেখানে অবৈধ বোলিং অ্যাকশনের সন্দেহটাই সত্যি প্রমাণিত হয়। আর তাতেই আইসিসির বোলিং নিষেধাজ্ঞার কবলে পড়েন দু’জন।
 
পরীক্ষা শেষ করে আগামী রবিবার দেশে ফেরার কথা তাসকিন ও সানির। গত বুধবার আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ওয়ানডে দলে আরাফাত সানি না থাকলেও আছেন তাসকিন আহমেদ। পরীক্ষার ফলাফল পক্ষে আসলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার বৈধতা পাবেন তরুণ এই পেসার। 
 
ই্ত্তেফাক/এমএইচ