বগুড়ায় তেলের ডিপোতে আগুন, ভস্মিভূত ২০ দোকান

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজার এলাকায় একটি অনুনোমোদিত জ্বালানি তেলের ডিপোতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুনে পুড়ে গেছে কিচক বাজারের প্রায় ২০টি দোকান পাট। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর ৮ টি ইউনিট। 
 
বগুড়া-জয়পুরহাট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সড়কের উভয়পাশে আটকা পড়েছে শতশত যাত্রীবাহী বাস, কোচ, ট্রাকসহ অন্যান্য যানবাহন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা না গেলেও কোটি টাকার উপর ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।  
 
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বগুড়া-জয়পুরহাট সড়কের পাশে শিবগঞ্জের কিচক চারমাথা নামক স্থানে একটি বাজার রয়েছে। ঐ বাজারে ড্রামে সংরক্ষণ করে এবং দোকানঘরের ভেতর দুটি মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত খোলা বাজারে জ্বালানি বিক্রি করেন একই এলাকার ব্যবসায়ী মোশারররফ হোসেন । একইসাথে তিনি এলপিজি গ্যাস সিলিন্ডারও সরবরাহ করেন। বৃহস্পতিবার রাতে তার দোকানে ২ ট্রাক বোঝাই এলপিজি সিলিন্ডার নামানো হয়। 
 
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঐ জ্বালানি ডিপোতে আকস্মিকভাবেক আগুন ধরে।  মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তোড়ে একের পর এক জ্বালানি তেলের ড্রাম ও সেখানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও। দমকল বাহিনীর বগুড়া, গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের মোট ৮টি ইউনিট রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 
 
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুর ঘটনাস্থল থেকে ফোনে ইত্তেফাককে জানান, গ্যাস সিলিন্ডার গুলো একের পর এক বিস্ফোরিত হওয়ায় আগুন নিয়ন্ত্রিণে আনতে বেগ পাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে ইতোমধ্যেই বাজারের ১৫ থেকে ২০টি দোকান ভস্মিভূত হয়েছে। তবে রাত ৯টা ১৫ মিনিটে এখবর লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। নিরাপত্তার স্বার্থে এবং রাস্তার পাশে আগুনের এই ঘটনা ঘটায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে । 
 
এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি বলেও দাবি করেন পুলিশের এই কর্মকর্তা। 
 
 
ইত্তেফাক/এমআই