ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষণা করে দিলেই হয়, এখন আবার বাকশাল হবে। একদলীয় শাসনব্যবস্থা হবে, অন্য কোনো দল এখানে থাকবে না, অন্য কোনো মত এখানে থাকবে না।
গতকাল শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শেরেবাংলা নগর থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সরানোর চেষ্টা করা হলে আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ প্রতিবাদ সভার আয়োজন করে। আজ শনিবার ঢাকার থানায় থানায় বিক্ষোভ মিছিলসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।