প্রথমবারের মতো টিভি উপস্থাপনায় শাকিব

চিত্রনায়ক শাকিব খানের উপস্থাপনায় ঈদ অনুষ্ঠান ‘আমার ছবি আমার গান’। প্রথমবারের মতো কোনো টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন শাকিব খান। আসছে ঈদুল আজহায় একুশে টিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।
 
‘আমার ছবি আমার গান’ নামের এই আয়োজনে দেখানো হবে শাকিব খান অভিনীত জনপ্রিয় কিছু সিনেমার গান। গানগুলো দেখানোর আগে শাকিব নিজেই বলবেন এর সঙ্গে জড়িয়ে থাকা তার স্মৃতি ও অভিজ্ঞতার কথা। চিত্রনায়ক শাকিব খানকে সারাবছর বড়পর্দায় দেখা গেলেও ঈদ ও অন্য বিশেষ দিনগুলোতে টেলিভিশন অনুষ্ঠানের আসনেও দেখা যায় তাকে। সেই তারকা আড্ডার অনুষ্ঠানগুলোতে উপস্থাপকের বিভিন্ন প্রসঙ্গের সাথে চলে শাকিবের আড্ডা। তবে এবার নতুন রূপে, নতুন শাকিব।
 
উপস্থাপকের আসনটি এবার তার দখলে। অনুষ্ঠানের শেষের দিকে অংশ নেবেন নবাগত নায়িকা বুবলী। এবার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র ‘বসগিরি’ প্রসঙ্গে কথা বলবেন শাকিব ও বুবলী। এছাড়াও ‘শুটার’ শিরোনামে শাকিবের আরো একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এই ঈদে।
 
দুটি ছবি প্রসঙ্গেই বিভিন্ন গল্প দর্শকরা জানতে পারবেন শাকিবের মুখ থেকে। নতুন এই আয়োজনটির গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন ফারহানা নিশো এবং প্রযোজনা করেছেন আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানটি ঈদের আগের দিন রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে।
 
ইত্তেফাক/এমএইচ