আবার বিয়ে করতে চাইছেন মনীষা কৈরালা

অভিনেত্রী মনীষা কৈরালা ক্যান্সারের মত মরণ রোগকে হারিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে অভিনয় জীবন থেকে দূরে ছিলেন, কিন্তু এখন সুস্থ হয়ে ওঠার পর বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য প্রস্তুত তিনি। 
 
প্রমীলা সেনগুপ্ত পরিচালিত প্রথম ছবি 'মৌলালি'-তে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। কিন্তু রূপালি পর্দায় দ্বিতীয়বার ফেরার আগে মা হতে চান এই নায়িকা।
 
২০১০ সালে নেপালি ব্যবসায়ী সম্রাট দহলের সঙ্গে বিয়ে হয় মনীষার। কিন্তু দু'বছরের মাথায় বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাদের। তা হলে কি দ্বিতীয়বার ছাদনাতলায় যাওয়ার কথা ভাবছেন নায়িকা? নাকি সারোগেসির মাধ্যমে মা হতে চান তিনি? সম্প্রতি এইসব প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন মনীষা।
 
তিনি জানিয়েছেন, 'পরিবারের সবার সঙ্গেই আমার খুব ভাল সম্পর্ক। কিন্তু তারা সবাই নেপালে থাকে। তাই ফাঁকা বাড়িতে ফিরে আমার খুব একা লাগে। আমি বাড়ি ফিরে কারো সঙ্গে সময় কাটাতে চাই। তাই আমি একটা সন্তান দত্তক নেওয়ার কথা ভাবছি। ছোট থেকেই আমি একটা বাচ্চা অ্যাডপ্ট করতে চেয়েছি।'
 
একইসঙ্গে তিনি দ্বিতীয়বার বিয়ে করারও ইচ্ছে প্রকাশ করেছেন। তার কথায়, 'কে বিয়ে করতে চায় না! প্রথম দিকে একা থাকতে বেশ ভালই লাগে। কিন্তু তারপর অন্যরকম লাগে। আমার জীবনে যদি সত্যিই কেউ আসে তাহলে আমি ভেবে দেখব। তবে এই মুহুর্তে সব থেকে দরকারি একটা ফ্যামিলি শুরু করা।'
 
ইত্তেফাক/এএম