টেকনাফে কাঠ চাপায় শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক ঘটনায় দুইজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টার দিকে এ দুটি ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার ছৈয়দ হোসেন ওরফে লেডুর ছেলে সিএনজি চালক মো. জাফর আলম (৩০) ও হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের সালেহ আহমদের ছেলে কাঠ শ্রমিক মো. ইউনুস ওরফে চাঁন মিয়া (৩২)। 
 
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুপুর ১২টার দিকে টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আসা একটি কার্গো ট্রলার থেকে কাঠ খালাশের সময় কাঠ চাপা পড়লে আহত হয়ে মাটিতে পড়ে যান শ্রমিক ইউনুস। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন। 
 
অন্যদিকে, একইদিন উপজেলার হ্নীলার রঙ্গিখালী এলাকার লবণের মাঠে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই এলাকা থেকে সিএনজি  চালক মো. জাফর আলমের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 
 
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ।