লক্ষ্য ছিল কাশিমপুর কারাগারে হামলা: র‌্যাব

 
কাশিমপুর কারাগারে হামলা চালিয়ে জঙ্গি নেতা মুফতি জসীম উদ্দীন রাহমানীকে মুক্ত করতে আনসারুল্লাহ বাংলা টিমের একটি পরিকল্পনা নস্যাতের দাবি করেছে র‌্যাব। গাজীপুর থেকে জঙ্গি সংগঠনটির এক নেতাসহ দুজনকে গ্রেফতারের পর শনিবার বাহিনীর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
 
 
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রাশেদুল ইসলাম স্বপন (২৪) আনসারুল্লাহর গাজীপুর জেলার প্রধান সমন্বয়কারী বলে র‌্যাব জানিয়েছে। অন্যজন বিপ্লব হোসেন ওরফে হুজাইফা (৩৩) সংগঠনটির সদস্য বলে জানানো হয়েছে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা একিউআইএসের (আল কায়দা) মতাদর্শে অনুপ্রাণিত হয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে। তাদের অন্যতম লক্ষ্য ছিল কাশিমপুর কারাগারে হামলা করে জসীমউদ্দিন রাহমানীকে মুক্ত করা। এজন্য তারা কাশিমপুর এলাকায় কয়েকটি গ্রুপের সাথে সমন্বয় করছিল এবং সুযোগ পেলে হামলা করবে বলে অপেক্ষায় ছিল।
 
এই পরিকল্পনা বাস্তবায়নে অস্ত্র সংগ্রহের জন্য ১০ লাখ টাকা সংগ্রহের কথাও স্বপন স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে। দুই বছর আগে কাশিমপুরের সুরক্ষিত কারাগার থেকে ময়মনসিংহের আদালতে নেয়ার পথে ত্রিশালে সড়কে হামলা চালিয়ে পুলিশকে হত্যা করে তিন জেএমবি নেতাকে ছিনিয়ে নিয়েছিল জঙ্গিরা।
 
ইত্তেফাক/এএম।