ষড়যন্ত্র করে উন্নয়ন কর্মকাণ্ড থামানো যাবে না : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র করে কেউ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থামাতে পারবে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সুপথে চলছে। যারা দুএকটি অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে তারা দেশ ও জাতির শত্রু।
 
শনিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বনকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তিনি কথা বলেন।
 
ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলামের সভাপতিত্বে তিনি আরো বলেন, শস্য ও মৎস্য ভাণ্ডার খ্যাত চলনবিলবাসী দীর্ঘ ৩৭ বছর অবহেলিত ছিল। উন্নয়নের আশ্বাস দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিগত সরকারের আমলে কৃষকদের সার, তেল ও বীজের জন্য হাহাকার করতে হত। সে সময় নেতাদের ঘুষ না দিলে কৃষকরা সার, তেল ও বীজ চোখে দেখতে পেত না। বর্তমান সরকারের আমলে এ সবের কোন ঘাটতি নাই। এখন ওয়ার্ড পর্যায়ে সারের ডিলার আছে। চলনবিলে প্রায় ৮০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করা হয়েছে। ঘরে ঘরে জ্বলছে আলো। সেই আলোয় আলোকিত হচ্ছে শিক্ষার্থীরা। ২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দেয়া হবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান, নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ এর ডিজিএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সহসভাপতি আবদুল ওয়াদুদ মোল্লা, শেরকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আদেশ আলী, নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ এর এজিএম আবু নাছের, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, পৌর যুব লীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা ছাত্র লীগের সভাপতি রায়হান কবির টিুট, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, ইটালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেদার হায়াত  প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি