গাজীপুরের টঙ্গীর একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে দগ্ধ রিপন দাশ নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
রবিবার ভোর ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিপন ৯০ শতাংশ দগ্ধ ছিলেন।
এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৫ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত ২৫ জনের মধ্যে ২৪ জনের নাম জানা গেছে। এরা হলেন- রিপন দাশ, আনিসুর রহমান (৪০), আব্দুল হান্নান (৬৫), ইদ্রিস আলী (৪০), জাহাঙ্গীর আলম (২৪), মামুন (২৮), রোজিনা (২০), মিজান (২৮-৩০), সাইদুর রহমান (৫০), মাইনুদ্দিন (৩৫), আল মামুন (৪০), হাসান সিদ্দিকি (৩০), সোলেমান (৩২), এনামুল হক (২৮), রাশেদ (২৫), শঙ্কর সরকার (২৫), গোপাল দাস (২৫), রফিকুল ইসলাম (২৮), সুভাষ চন্দ্র প্রসাদ (৩৫),আশিক (১২), দেলোয়ার হোসেন (৫০), আনোয়ার হোসেন (৪০), ওয়াহিদুজ্জামান স্বপন (৩৫), তাহমিনা আক্তার (২০)।
শনিবার সকাল ৬টার দিকে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস নামের একটি প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে পাঁচতলা কারখানা ভবনের কাঠামোও ধসে পড়ে। এ সময় ভবনের সামনের গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী, রিকশা চালক ও দুইযাত্রীসহ ১৪ জন ঘটনাস্থলেই নিহত হন।
ঢামেকের মর্গ সূত্র জানায়, শনিবার দিবাগত রাতেই ২৪ লাশ ময়নাতদন্ত শেষ হয়েছে।
ইত্তেফাক/কেকে