সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

 
চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে শনিবার রাত ৮ টার দিকে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তার নাম জহুরুল হাসান (৪২)। তিনি উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বকশীরখীল এলাকায় মৃত কবির আহমদের ছেলে।
 
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮ টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বকশীরখীল এলাকার মৃত কবির আহমদের ছেলে ও কাঞ্চনা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল হাসান দৈনন্দিন কাজ শেষে তার নিজ বাড়ি ফিরছিলেন। হাসান তার বাড়ির উঠানে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মুখোশধারী সন্ত্রাসীরা হাসানকে পেছন দিক দিয়ে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 
 
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাইসুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত হাসানের ভগ্নিপতি শামসুল হক বলেন, 'হাসানকে আমি ঘটনার আগে বিকালে তার বাড়ির আশ-পাশ এলাকায় অবস্থান করতে দেখেছি। পরে শুনছি রাত ৮টার দিকে বাড়িতে ঢুকার জন্য উঠানে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মুখোশধারী সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে এসে তার পেছন দিক দিয়ে গুলি করলে হাসান মাটিতে লুটিয়ে পড়ে। 
 
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সাতকানিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। 
 
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. রাইসুল ইসলাম বলেন, 'হাসানের পিঠে গুলি লেগে তিনি মারা যান।'
 
বিগত প্রায় এক মাস আগে কাঞ্চনা বকশিরখীল এলাকায় একটি মসজিদ থেকে শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মীকে কিছু ধর্মীয় উস্কানিমূলক বইসহ পুলিশ গ্রেফতার করেছিল। তাদের সহযোগীরাই এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।
 
এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, 'জামায়াত শিবির অতীতেও কাঞ্চনায় অনেক আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছিল। তারই ধারাবাহিকতায় গত শনিবারও পরিকল্পিতভাবে জামায়াত-শিবির এ ঘটনা ঘটিয়েছে।'
 
অপর দিকে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভুইয়া ও সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মফিজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভুইয়া বলেন, 'এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না । আশা করি, ঘটনায় জড়িতরা পার পাবে না।'
 
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, 'মুখোশধারী সন্ত্রাসীরা আওয়ামী লীগ নেতা হাসানকে তার বাড়িতে প্রবেশের সময় গুলি করে হত্যা করে। ঘটনার পরপর আমিসহ সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্ঠা চলছে।'
 
 
ইত্তেফাক/কেকে