মাঠে ফিরেই রোনালদোর গোল, রিয়ালের জয়

ইনজুরি থেকে ফিরেই দলের জয় দেখলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ষষ্ঠ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন রোনালদো।
 
অফসাইডের ফাঁদ এড়িয়ে বাঁ দিকে বল পেয়ে ডি-বক্সে ফাঁকায় থাকা রোনালদোকে দেন গ্যারেথ বেল। পর্তুগিজ অধিনায়ককে কেবল বলটা জালে ঠেলে দিতে হয়।
 
৪০তম মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ায় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা। ডি-বক্সে বল পেয়ে চিপ করেছিলেন রোনালদো। তাতে আলভারো মোরাতার হেড গোলরক্ষক দারুণভাবে ফিরিয়ে দিলে বল পেয়ে যান দানিলো। ব্রাজিলের এই রাইট ব্যাকের শট ঠেকানোর মতো অবস্থায় ছিলেন না গোলরক্ষক। বল একে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জালে ঢুকে যায়।
 
দুই মিনিট পরই ব্যবধান আরও বাড়াতে পারতো রিয়াল। বাঁ দিক থেকে রোনালদোর নীচু ক্রস ডি-বক্সে বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে ঠিকমতো পাঠাতে পারেননি বেল।
 
যোগ করা সময়ে টনি ক্রুসের কর্নার থেকে দুর্দান্ত হেডে স্কোরলাইন ৩-০ করেন অধিনায়ক রামোস। দ্বিতীয়ার্ধের কর্নার থেকে জোরালো হেডে গোল করেন রিয়াল ডিফেন্ডার পেপে।
 
৬৪ মিনিটে ব্যবধান কমায় ওসাসুনা। দে লাস কিভাসের ক্রসে অসাধারণ এক হেডে রিয়াল গোলরক্ষক ফ্রান্সিসকো কাসিলাকে পরাস্ত করেন অরিয়ল রেইরা।
 
রামোস হাইমে রোমেরোকে ফাউল করলে পেনাল্টি পায় ওসাসুনা। ৭৩তম মিনিটে রবের্তো তরেসের দুর্বল শট ফিরিয়ে দিতে কোনো সমস্যা হয়নি কাসিলার। লা লিগায় জিনেদিন জিদানের অধীনে রিয়াল পেল টানা পঞ্চদশ জয়। এ মৌসুমের তিন ম্যাচে টানা তৃতীয় জয়ে তাদের পয়েন্ট হল ৯। বিডিনিউজ
 
ইত্তেফাক/এমএইচ