লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী ফাতেমা আক্তারের (১১) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত ফাতেমা দক্ষিণ উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। রবিবার সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে দক্ষিণ উদমারা গ্রামে নদীতে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এ মরদেহ উদ্ধার করে।
দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারী জানান, এ ঘটনায় দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সকালে নিখোঁজ ফাতেমার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হায়দরগঞ্জ ফাঁড়ি পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শনিবার সকাল ১১টার দিকে উদমারা গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক বিল্লাল হোসেনের মেয়ে ফাতেমা ও সাহাব উদ্দিনের মেয়ে শামিমা বাড়ির পাশের আনন্দ বাজারের দক্ষিণে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা সাঁতার কাটতে গিয়ে নদীতে ডুবে যায়। পরে বিকেলে ৪র্থ শ্রেণির ছাত্রী শামিমার মৃতদেহ উদ্ধার হলেও নিখোঁজ ছিল ফাতেমা।
ইত্তেফাক/এসএস