বারহাট্টায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২

নেত্রকোনার বারহাট্টা উপজেলার  জোয়ালভাঙ্গা ও নয়াপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। 
 
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ওলিউল্লাহ (৩০), খলিল মিয়া (২৮), রুবেল মিয়া (১৯), সাহাজ উদ্দিন (৪৪), হারেছ মিয়া (৩০), শাহ আলম (৪০) ও সমির উদ্দিনকে (২০) মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেমুজ্জামান জানান, জেলার বারহাট্টার নয়াপাড়া গ্রামের মাইন উদ্দিনের ছেলে অটোরিকশাচালক  নওয়াব মিয়া শনিবার বিকেলে অটোরিকশা চালানোর সময় পাশের জোয়ালভাঙ্গা গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে সমির উদ্দিনের শরীরে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে ওই সময় ঝগড়া হয়। এরই জের ধরে রবিবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে ফের ঝগড়া ও একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।