১৩ বছরেও নির্মাণ শেষ হয়নি গুমাণি নদীর ব্রিজ

ভাঙ্গুড়া-নওগাঁ সড়কে নৌবাড়িয়া ঘাটে গুমাণি নদীর ওপর ব্রিজ নির্মাণ কাজ ১৩ বছরেও শেষ হয়নি। ২০০৩ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। প্রথম ঠিকাদার ৩০ ভাগ কাজ করার পর কাজ বন্ধ থাকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এলজিইডি পুনঃদরপত্র আহ্বান করে মেসার্স আমিন ট্রেডার্স (জেভি) কে ওয়ার্ক অর্ডার প্রদান করে। ২০১২ সালের এপ্রিল থেকে নির্মাণ কাজ পুনরায় শুরু হয়। জানা গেছে, ১৬০ মিটার দৈর্ঘ্য ও সাত দশমিক ৩২ মিটার প্রস্থের এই বিজ নির্মাণে বরাদ্দ দেয়া হয় ছয় কোটি ৮২ লাখ টাকা। এ পর্যন্ত কাজের অগ্রগতি ৫৮ ভাগ। অথচ এই একটি ব্রিজের অভাবে চলনবিলের পঞ্চাশ গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
 
ব্রিজের তত্ত্বাবধানকারী উপ-সহকারী প্রকৌশলী মো. রওশন আলী খান বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে যথাসময়ে ব্রিজের নির্মাণ শেষ করা যায়নি।
 
ঠিকাদার মো. সায়াদ আমিন জানান, গত জুনে প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তিনি মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছেন। অবশ্য এজন্যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে না বলে তিনি জানান।
 
নৌবাড়িয়া গ্রামের আহম্মেদ হেলাল মাযহার ও আব্দুল গফুর মিলিটারী বলেন, ১৩ বছর ধরে একটি ব্রিজ নির্মাণ চলছে। অথচ সেতু মন্ত্রীর কোনো হস্তক্ষেপ নেই। এলাকাবাসীর জন্য বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক।
 
 
ইত্তেফাক/এএন