অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মাসে ১৬ হাজার টাকার বেশি উপার্জনকারীদের তালিকা তৈরির কাজ চলছে। উপার্জনক্ষম প্রত্যেককে আয়করের আওতায় আনতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
সোমবার দুপুরে সিলেটের শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথাগুলো বলেন অর্থমন্ত্রী।
তিনি জানান, যাদের মাসিক আয় ১৬ হাজারের উপরে রয়েছে, তাদের অবশ্যই আয়কর দিতে হবে। এজন্য তালিকা তৈরির কাজ চলছে।
আগামী এক বছরের মধ্যে উপার্জনক্ষম প্রত্যেক ব্যক্তিকে আয়করের আওতায় নিয়ে আসার লক্ষ্য রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তবে তালিকা তৈরিতে কিছুটা সময় লাগবে জানিয়ে মুহিত বলেন, 'আগামী বছর বা কিছুটা পরে তা কার্যকর করা সম্ভব হবে।'
এর আগে রাজধানীতে গত ৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত এক সেমিনারে যে কোনো অংকের আয় করেন এমন ব্যক্তিদেরও ন্যূনতম হারে আয়কর দেওয়া বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী।
ইত্তেফাক/এএম