সম্প্রতি অজয় দেবগণ প্রযোজিত ছবি 'পার্চড'-এর ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটির ট্রেলার দেখে অনেকেই মনে করছেন, এটা একটা নারীকেন্দ্রিক ছবি। কিন্তু এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে অজয় বলেন, 'এই ছবি কিন্তু শুধু নারীদের নিয়ে নয়; এই ছবি পুরুষদের জন্যও।
পুরুষদের ওপর সামাজিক চাপের ফলে তাদের অনেক কিছু করতে হয়, যা তাদের করা উচিত নয়। এই ছবি তাই নিয়ে।'
একই সঙ্গে তিনি যোগ করেন, 'এই ছবি থেকে নারীদের নতুন করে কিছু শেখার নেই। আমার মনে হয়, পুরুষদের শেখা উচিত, নারীদের সঙ্গে কীভাবে ব্যবহার করবে তারা।'
কিছুদিন আগে এই ছবির নায়িকা রাধিকা আপ্তের বেশ কিছু নগ্ন দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে যায়। ফলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে এই ছবি।
এই ছবি প্রথম ২০১৫ সালে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়। সেখানে এই ছবি বেশ প্রশংসিত হয়।
ছবিটিতে রাধিকা ছাড়াও তন্নিষ্ঠা চ্যাটার্জি এবং সুরভিন চাওলা আছেন। লীনা যাদব পরিচালিত এই ছবি ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে।
ইত্তেফাক/এএম