শেওড়াপাড়ায় প্রাইভেট কারের ধাক্কায় দম্পতি নিহত

রাজধানীর শেওড়াপাড়ায় প্রাইভেট কারের ধাক্কায় দম্পতি নিহত হয়েছেন।  সকালে মেয়ের বাসায় কোরবানির মাংস নিয়ে যাচ্ছিলেন আতাউর রহমান (৭০) ও তাঁর স্ত্রী রওশন আরা (৬০)। 
 
শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের পাশে হাজী আশ্রাফ আলী মার্কেটের সামনে তারা দাঁড়িয়ে ছিলেন। দ্রুতগতির একটি প্রাইভেট কার আচমকা এসে ফুটপাতে আছড়ে পড়ে।  এতে ঘটনাস্থলে এই দম্পতি মারা যান।  এছাড়া আবেদ আলি নামের এক চা দোকানদার আহত হন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহতদের ছেলে রায়হান বলেন, কোরবানির মাংস দিতে মেয়ের বাসা মোহাম্মদপুর যাচ্ছিলেন তাঁর মা-বাবা।
 
পুলিশ গাড়ি থেকে তিন যুবককে আটক করলেও পরে ছেড়ে দিয়েছে। গাড়িটি বর্তমানে পুলিশের কাছে আটক রয়েছে এবং গাড়ির ভেতর মদের বোতল পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, যুবকেরা মদ্যপ ছিলেন।  কাফরুল থানার ওসি শামীমুর রহমান অবশ্য কাউকে আটক করার কথা অস্বীকার করেছেন। তিনি ইত্তেফাককে বলেন, ওই গাড়ি থেকে কাউকে আটক করা হয়নি।  গাড়িটি জব্দ করা হয়েছে এবং এর মালিককে খোঁজা হচ্ছে। 
ইত্তেফাক/এসএসএ