তিন ম্যাচ নিষিদ্ধ থাকার পর মাঠে ফিরেই হ্যাটট্রিক করলেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো। আর তার হ্যাটট্রিকে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করলো ইংলিশ জায়ান্টরা।
বুধবার বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকে ৪-০ গোলের জয় তুলে নেয় সিটিজেনরা। ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রাত পৌনে একটায় শুরু হয় ম্যাচটি।
ম্যাচের শুরু থেকেই বরুশিয়াকে চেপে ধরে পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের অষ্টম মিনিটে স্বাগতিক সিটিজেনদের এগিয়ে নেন আগুয়েরো। কোলারভের অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন এই তারকা। ২৮ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগ থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধে আগুয়েরোর জোড়া গোলের সুবাদে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় গার্দিওলার শিষ্যরা।
মাঝে আগুয়েরোর সঙ্গে ডি ব্রুইন, স্টারলিংরা অতিথিদের ডি-বক্সে আক্রমণের পসরা সাজালেও কোনো স্কোর গড়তে পারেননি। ৭৭ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো (৩-০)।
দ্বিতীয়ার্ধে যোগ করা অতিরিক্ত সময়ে গোল করেন ইহেনাচো (৪-০)। বদলি খেলোয়াড় লিরয়ের অ্যাসিস্ট থেকে দলের চতুর্থ গোলটি করেন তিনি।
ইত্তেফাক/এমএইচ