আগৈলঝাড়ায় কথা কাটাকাটির জের ধরে ঊষা বাড়ৈ (৪২) নামের বিধবাকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার দায়ে অভিযুক্ত রেমন ঢালীকে (৪৫) তাৎক্ষনিক জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বুধবার গভীর রাতে উপজেলার উত্তর বাকাল গ্রামে এ ঘটনা ঘটে।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, পাশাপাশি বাড়ির দু’জনার মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে প্রেমিক- প্রেমিকার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঊষা বাড়ৈ এর তলপেটে ছুরিকাঘাত করে রেমন ঢালী। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে ছুরিকাহত ঊষা বাড়ৈকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।
পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ঘাতক প্রেমিক রেমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সে একই গ্রামের দিলীপ ঢালীর ছেলে। মৃতদেহ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
ইত্তেফাক/আরএ