গ্রেফতারের পর পুলিশের অভিযানে আসামি নিহত

 
গ্রেফতার হওয়ার পর পুলিশের ‌‘উদ্ধার অভিযানের’ মধ‌্যে গোলাগুলিতে এক আসামির মৃত‌্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে কিশোরগঞ্জের বাজিতপুরে গাজীরচর ইউনিয়নের সাদীরচর গ্রামে এই ঘটনা ঘটে। 
 
নিহত ফদুর আলী ওরফে রিপন (৩৫) বাজিতপুর পৌরসভার দড়ি ঘাগটিয়া এলাকার মুর্শেদ মিয়ার ছেলে।
 
বাজিতপুর থানার ওসি মো. মকবুল হোসেন মোল্লা জানিয়েছেন, বুধবার বাজিতপুর থেকে রিপনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভোরের দিকে তাকে নিয়ে সাদীরচরে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ।  
 
এ সময় সেখানে রিপনের সঙ্গীরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে রিপন মারা যান। 
 
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ সন্ত্রাসীদের ফেলে যাওয়া দুটি পিস্তল, একটি বিদেশি বন্দুক ও একটি দেশি রিভলবার এবং নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 
 
ইত্তেফাক/এএসএস