ধুনটে ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী আহত, গ্রেফতার ২

বগুড়ার ধুনট উপজেলায় ক্যাবল নেটওয়ার্ক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী খোকন মিয়া (২৮) ও তার স্ত্রী রোজিনা খাতুন (২৪) আহত হয়েছেন।
 
বুধবার মধ্যরাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে গ্রামের রহমতুল বারি মিন্টু (৩০) ও বিদ্যুৎ হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
 
আহত খোকনের বড় ভাই খয়রুজ্জামান জানান, খোকন মিয়া দীর্ঘদিন ধরে এমটিএস ক্যাবল নেটওয়ার্ক (ডিস লাইন) কোম্পানি লিমিটেডের প্রতিনিধি হিসেবে বহালগাছা গ্রামে ডিস লাইন পরিচালনা করেন। পূর্ব বিরোধের জের ধরে বুধবার রাত ১০টার দিকে মিন্টু, বিদ্যুৎ ও তার সহযোগীরা বহালগাছা গ্রামে ডিস লাইনের তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করতে থাকেন। এ সময় খোকন মিয়া বাধা দিলে মিন্টু, বিদ্যুৎ ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন।
 
এক পর্যায়ে তাদের উপর্যুপরি ছুরিকাঘাতে খোকন মিয়া অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্বামীকে রক্ষা করতে তার স্ত্রী রোজিনা খাতুন ঘটনাস্থলে ছুটে আসেন। তখন মিন্টু, বিদ্যুৎ ও তার লোকজন রোজিনা খাতুনকেও ছুরিকাঘাতে আহত করেন।
ঘটনার পরই তাদেরক উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বজনরা। সেখানে তাদের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুই আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ