বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের মিন্টু মিয়া ও সাইদুর রহমানের মধ্যে মোবাইল ফোন চুরির বিষয় নিয়ে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অমূল্য কুমার চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ