ধামরাইয়ে নতুন বিনোদন পার্ক

পবিত্র ঈদুল আজহার আনন্দঘন দিনে ঢাকার ধামরাইয়ে সীতি পাল্লী এলাকায় খুলে দেয়া হয়েছে নবনির্মিত আলাদীন্স অ্যামোজমেন্ট পার্ক ও আলাদীন্স ওয়াটার পার্ক। শুরু থেকেই পার্কের দুইটি ইউনিটেই ছিল দর্শকদের লক্ষ্যণীয় ভিড়।

ঈদুল আজহার আগের দিন সোমবার প্রাথমিকভাবে আধুনিক এ পার্কের দুইটি ইউনিট উদ্বোধন করা হয়। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে পার্কটি উদ্বোধন করা হবে। ৪০ বিঘা জমি জুড়ে অত্যাধুনিক এ বিনোদন কেন্দ্রটির দুইটি ইউনিট নির্মাণ করা হয়েছে। বিনোদনের জন্য এখানে রয়েছে নানা রকম স্থলজ ও জলজ বিনোদন সামগ্রী।
 
পার্কের মালিক আলাউদ্দিন জানালেন,  খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ফাইভ স্টার মানের ৪৪টি অভিজাত আবাসিক কক্ষ। উন্মুক্ত গ্রামীণ পরিবেশে  এই পার্ক পিকনিক স্পট হিসেবেও  হবে অসাধারণ। অ্যামোজমেন্ট পার্কটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এমএ  মালেক। একই দিনে ওয়াটার পার্কটি উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান কালীপদ সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল গনি, পৌর যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, ধামরাই বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ