অনুর্ধ্ব-১৬ নারী ফুটবলারদের লোকাল বাসে বাড়ি পাঠানো নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। তবেএবার লোকাল বাসে নয়, মাইক্রোবাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংবর্ধনা নিতে ঢাকা এসেছেন দলের ৯ সদস্য।
শনিবার ফেডারেশরেশনের পক্ষ থেকে ঢাকায় তাদের সংবর্ধনা দেওয়া হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন শেষে শুক্রবার সকাল ৮ টার দিকে ভাড়া করা মাইক্রোবাসে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারা।
তবে মেয়েদের দাবির পরিপ্রেক্ষিতেই নন এসি মাইক্রোবাসে তাদের নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মফিজ উদ্দিন।
মেয়েরা প্রথমবারের মতো নিজেদের নিয়ে গেছেন এশিয়ার সেরা আটে। ঈদের আগে গত ৬ সেপ্টেম্বর ঢাকা থেকে লোকাল বাসে চেপে ধোবাউড়া ফিরেছিলেন তারা। ইতিহাস গড়া ও ফুটবলে বিস্ময় জাগানিয়া এ কিশোরীদের লোকাল বাসে পাঠানোর এ ঘটনায় সে সময় চরম সমালোচনার মুখে পড়ে বাফুফে। সমালোচনার অবসান ঘটাতেই এবার ঢাকা যাত্রাপর্বে মেয়েদের মাইক্রোবাসে পাঠাতে অভিভাবকদের অনুরোধ করেন বাফুফে কর্মকর্তারা।
ইত্তেফাক/এমএইচ