মতিঝিল এজিবি কলোনিতে দুই যুবক গুলিবিদ্ধ

 
রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে দুই যুবককে গুলিবিদ্ধ করেছে দুর্বৃত্তরা। ওই দুই যুবকের নাম আহসানুল হক ইমন (৩০) ও রিজভী হাসান বাবু (৩৪)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। দুজনের অবস্থা আশঙ্কজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন।
 
স্থানীয় সূত্র জানায়, সরকারি এজিবি কলোনি (আইডিয়াল জোন) এর একটি ক্লাব ঘরে গতকাল রাতে আহসানুল হক ইমন, রিজভী হাসান বাবুসহ কয়েকজন বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ৫-৬ জন দুর্বৃত্ত সেখানে এসে ইমন ও বাবুকে গুলি করে চলে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানায়, ইমনের বাম হাত, বাম পাঁজর ও ডান উরুতে তিনটি গুলিবিদ্ধ হয়েছে। আর বাবুর মুখের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে।
 
মতিঝিলি থানা সূত্র জানিয়েছে, এঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। কারা এ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে তা ক্ষতিয়ে দেখে গ্রেফতাররের চেষ্টা করছে পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি।