সাতক্ষীরায় শুরু হলো গুড়পুকুর মেলা

প্রতিবছরের মতো এবারো সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে সাতক্ষীরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা।
 
শনিবার সকালে শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ের বটতলায় বসেছে এই মেলা। মেলার সঙ্গে বেহুলা লখিন্দরের ভাসান গানের পালা শুরু হয়েছে। হিন্দু নরনারীরা সেই বটতলায় পূজা দিচ্ছেন। নিজেদের মনস্কামনা পূরণে নানা ধরনের মানত করছেন তারা।  
 
তবে গুড়পুকুর মেলার মূল আকর্ষণ ‘কলমের বৃক্ষ’ বেচাকেনা এখনো শুরু হয়নি। ১৫ দিনব্যাপী এই মেলা জমে উঠতে আরো কদিন সময় লাগবে বলে জানিয়েছেন আয়োজকরা।
 
প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে এই মেলা বসে। শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে বসে কয়েক শ দোকান পাট। গ্রামীণ লোকজ ঐতিহ্যের পশরা সাজিয়ে চলে বেচাকেনা। তিন শ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানিয়েছেন আয়োজকরা।
 
এদিকে সাতক্ষীরা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ হোসেন সাংবাদিকদের জানান, ১৯ সেপ্টেম্বর থেকে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
 
উল্লেখ্য, ২০০২ সালে মেলায় ভয়াবহ বোমা হামলার ঘটনার পর কয়েক বছর তা বন্ধ ছিল। এরপর ২০১১ সাল থেকে ফের মেলা চালু হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ