বেনাপোল চেকপোস্টে ভারতগামী যাত্রীদের ঢল

বেনাপোল চেকপোস্টে ভারতগামী যাত্রীদের ঢল নেমেছে । যাত্রীদের সামাল দিতে হিমসিম খাচ্ছে দু’দেশের ইমিগ্রেশন ও কাস্টম কর্মকর্তারা।
 
ঈদের ছুটি শেষ হলেও প্রতিদিন বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছেন ৫ থেকে ৬ হাজার যাত্রী । কেউ চিকিৎসা, কেউ বেড়াতে, আবার যাচ্ছেন আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে।
 
দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের বেনাপোলে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে ঢুকতে নো-ম্যান্সল্যান্ড এলাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রীদের পাসপোর্টের ঠিকানা, ভিসার মেয়াদ, ভারতে কোথায় অবস্থান করবেন তথ্য সম্বলিত ফর্ম পূরণ করতে হয়। এতে অনেক সময় লাগছে।
 
বাংলাদেশে  একটি পাসপোর্টে সিল মারতে যে সময় লাগে সেখানে ভারতে লাগছে দীর্ঘক্ষণ । যে সব যাত্রী সকাল ৮টার সময় ভারতে ঢোকার জন্য নো-ম্যান্সল্যান্ড এলাকায় লাইনে দাঁড়ায় তারা দুপুরে ভারতে প্রবেশ করছে। নো-ম্যান্সল্যান্ড এলাকায় যাত্রী ছাউনি না থাকায় রোদ ও গরমে যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন শিশু, নারী ও বৃদ্ধরা। 
 
এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইকবাল হোসেন জানান, ঈদের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৫ থেকে ৬ হাজার যাত্রী ভারতে যাচ্ছেন। নো-ম্যান্সল্যান্ড এলাকায় যাত্রী ছাউনি না থাকায় যাত্রীরা কষ্ট পাচ্ছেন। বেনাপোল ইমিগ্রেশনে তেমন কোন সমস্যা না হলেও ভারতীয় ইমিগ্রেশনে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি