জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ

ঈদুল আজহার ছুটির পর কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। লঞ্চ-স্টিমারে তিল ধারনের ঠাঁই নেই। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ।
 
ঈদের দীর্ঘ ছুটি শেষে কাউখালীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। লঞ্চঘাট ও স্টিমার ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়। কাউখালী লঞ্চঘাট ও স্টিমার ঘাট থেকে শনিবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ৬টি লঞ্চ ও একটি স্টিমার। 
 
শনিবার  টিপু-১২, অগ্রদূত প্লাস, আসা যাওয়া, মনিংসান-৫, অভিযান, পূবালী  লঞ্চে তিল ধারণের জায়গা ছিল না। এ সব ঘাট থেকে অতিরিক্ত যাত্রী ও কয়েকগুণ বেশি ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশে কাউখালী ঘাট ত্যাগ করে লঞ্চগুলো। এরপরও রয়েছে ছোট-বড় ২০টি লঞ্চ ঘাট। অপরদিকে কাউখালীতে কয়েকগুণ  বেশি ভাড়া আদায় করছে বাস কাউন্টারের লোকজন।
 
লঞ্চঘাটের সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন জানান, বর্তমানে প্রথম শ্রেণির ডাবল কেবিনের ভাড়া নেয়া হচ্ছে ২ হাজার ২০০ টাকা, সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা এবং ডেকের ভাড়া নেয়া হচ্ছে ২৫০ টাকা।
 
ইত্তেফাক/ইউবি