চট্টগ্রামে মাকে হত্যা করে ছেলের আত্মহত্যার চেষ্টা

নগরীর পূর্ব গোসাইলডাঙ্গা এলাকায় মাকে গলা কেটে হত্যা করে সুমিত চৌধুরী নামে এক যুবক আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। খুনের শিকার মায়ের নাম কুমকুম চৌধুরী (৪৫)।
 
জানা গেছে, পূর্ব গোসাইলডাঙ্গা এলাকার সরকার টাওয়ারের তৃতীয় তলায় স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন অ্যাডভোকেট সুকময় চৌধুরী। সুকময় চৌধুরীর ছোট ছেলে সুমিত চৌধুরী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হতে পারেনি। এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত। গতকাল দুপুরে হঠাত্ মাকে দা দিয়ে গলা কেটে হত্যা করে সে। এতে ঘটনাস্থলেই মারা যান কুমকুম। পরে নিজেও দা দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। সুকময় চৌধুরীর বড় ছেলে দুপুর দুইটার দিকে বাসায় ফিরে মা ও ভাইকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখেন। এ সময় মা প্রাণহীন থাকলেও সুমিত আশঙ্কাজনক অবস্থায় মেঝেতে পড়ে ছিল। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
বন্দর থানার ওসি মহিউদ্দিন সেলিম বলেন, পারিবারিক অশান্তির কারণে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।ছেলেটির বাবা সুকময় চৌধুরী ঢাকায় রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
 
ইত্তেফাক/এএন