ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছে। সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮২ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রবিবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকালে নাসিরনগর বাজারের ব্যবসায়ী ও আশুরাইল গ্রামের শামসু হাজী ও কাজল মিয়ার মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে সকালে আশুরাইল গ্রামে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশের এসআই আবু বক্কর, রবিউল ইসলাম, শামীম ও ৫ জন কনস্টেবলসহ উভয়পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়।
আহতদের মধ্যে আবিদ মিয়া (৩০), রিপন (২৮), কাজলসহ (৪৫) ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শফিক ও হান্নানকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশসহ আহত ৯৮ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮২ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুনঃ মঠবাড়িয়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর দ্বন্দ্বে ২০ জন আহত
নাসিরনগর থানার ওসি (তদন্ত) মো. মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি।
ইত্তেফাক/নূহু