কালাইয়ে কর্মদিবসে উঠছে না জাতীয় পতাকা

সরকারি ভাবে জাতীয় পতাকা ব্যবহারের বিধি-বিধান থাকলেও ব্যতিক্রম ঘটছে জয়পুরহাটের কালাই উপজেলায়। উপজেলার বিভিন্ন সরকারি অফিস গুলোতে কর্মদিবসে জাতীয় পতাকা তোলা হচ্ছেন। কোনো কোনো অফিসে নেই জাতীয় পতাকা, আবার কোথাও চোখে পড়ছেনা পতাকা ওড়ানোর দণ্ডটি। 

অনুসন্ধানে জানা গেছে, জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত-২০১০) অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানে সব কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক। কিন্তু কালাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা কৃষি অফিস, পরিসংখ্যান কার্যালয়, প্রাণিসম্পদ কার্যালয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কার্যালয়, পরিবার পরিকল্পনা কার্যালয়, মাধ্যমিক শিক্ষা কার্যালয়, সমাজ সেবা কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়, খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়, পল্লী উন্নয়ন কার্যালয়, একটি বাড়ি একটি খামার প্রকল্প কার্যালয়, আনসার ও ভিডিপি কার্যালয়, মহিলা বিষয়ক কার্যালয়, সেটেলমেন্ট অফিস, সাব-রেজিস্ট্রার কার্যালয়, সমবায় কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কার্যালয়, উপজেলা প্রোগ্রাম অফিস কার্যালয়, জাতীয় মহিলা সংস্থা কার্যালয়, পল্লী দারিদ্র বিমোচন, যুব উন্নয়ন কার্যালয়, বন-নার্সারি অফিস, ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন ব্যাংকসহ উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয় ভবনে অফিস সময়ে জাতীয় পতাকা তোলা হচ্ছেনা।

 

এছাড়া অভিযোগ রয়েছে বিশেষ দিবস গুলোতে অফিসে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন না।

এ বিষয়ে উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.আসাদুল ইসলাম বলেন, আমাদের অফিসটি উপজেলার চত্বরে। এখানে উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় বলে আমাদের অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা প্রয়োজন হয়না। তবে আমরা বিশেষ দিবসগুলোতে অফিসে জাতীয় পতাকা উত্তোলন করে থাকি। 

উপজেলার মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম বলেন, দুঃখজনক হলেও সত্য যে, অনেক সরকারি অফিসে বাংলাদেশের সার্বভৌমত্বের নিদর্শন জাতীয় পতাকা উত্তোলন করা হয়না। এই বিষয়ে আমি একাধিক বার আমাদের উপজেলার নির্বাহী অফিসারকে বলেছি।

কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন বলেন, এই উপজেলাতে অফিস সময়ে কেন জাতীয় পতাকা উত্তোলন করা হয়না 
 তা তারাই ভালো জানেন। তবে আমার মনে হয় এই বিষয়ে তাদের তেমন কোনো ধারনা নেই অথবা অবহেলা রয়েছে।

আরো পড়ুন: যৌতুক ও মারধরের অভিযোগে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

কালাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহা. যোবায়ের হোসেন বলেন, অফিস সময়সহ বিশেষ দিবসগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে সকলকে বলা হয়েছে। কেউ যদি অবহেলা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/অনি