কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, হামলা-ভাংচুর

কুষ্টিয়ায় আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
 
রবিবার সকালে জেলার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম এলাকায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের স্থানীয় দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষ চলাকালে ১০/১২টি বাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুনরায় সংঘর্ষের আশংকায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিবাদের জের ধরে বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আলী হোসেন গ্রুপ ও বাগুলাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন সরকার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত ও ১০/১২টি বাড়ি ভাংচুর করা হয়। আহতদের মধ্যে ৫ জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
তারা হলেন- কফিল উদ্দিন (৪৫), রুস্তম আলী (৫০), তৈয়ব আলী (৫৫), হেলাল উদ্দিন (৩০) ও ইমরান হোসেন (২২)। বর্তমানে এলাকায়  উত্তেজনা বিরাজ করছে। 
 
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। 
 
 
ইত্তেফাক/এমআই