সহিংসতায় ছাত্রলীগের এক নেতা নিহত হওয়ার ঘটনার জেরে দীর্ঘ ৫৫ দিন পর আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক কার্যক্রম চালু হচ্ছে।
রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৬৩তম সভায় একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত গৃহিত হয়। সিন্ডিকেটের সিদ্ধান্তে বলা হয়- আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম চলবে। ২৪ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেয়া হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের সভা, সমাবেশ এবং মিছিল করা যাবে না।
জানা যায়, গত ১ আগস্ট প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী ও কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। এ পরিস্থিতি ১ আগস্ট সকালে সিন্ডিকেটে ৬২তম জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও পরীক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়।