এবার রেস্তোরাঁ ব্যবসায়ী ডায়না

এই সময়ে এসে শিল্পীদের অনেকেই শিল্পের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নিজেকে ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত রাখছেন। যারা ব্যবসার সঙ্গে নিজেকে জড়িত রাখছেন তাদের কেউ তা শখে করছেন আবার কেউ কেউ করছেন নিজের ভবিষ্যত নিরাপত্তার কথা ভেবে। সাম্প্রতিক সময়ে অনেকের মতোই সঙ্গীতশিল্পী হৃদয় খানও রেস্তোরাঁ ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করেছেন। সেই ধারাবাহিকতায় রাজধানীর তিনশো ফুট এলাকায় মডেল অভিনেত্রী ডায়নাও একটি রেস্তোরাঁ চালু করতে যাচ্ছেন।

আসছে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় ডায়না তার এই রেস্তোরাঁর যাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন। হরেক রকমের পছন্দের খাবার নিয়ে যাত্রা শুরু হতে যাওয়া এই রেঁস্তোরার নাম দিয়েছেন ডায়না ‘কিচেনো’। ব্যবসায় ডায়নার সঙ্গে আরো যুক্ত আছেন তার দুই বন্ধু মাহবুব ও বিদ্যুৎ। তবে ডায়না জানান তিনিই মূলত রেস্তোরাঁর মালিক। হঠাৎ ব্যবসায় জড়ানো প্রসঙ্গে ডায়না বলেন, ‘সত্যি বলতে কী আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই ধরনের একটি রেস্তোরাঁ দেবার। একা একা তা করতে সাহস পাচ্ছিলাম না। তাই দু’জন বন্ধুকে সঙ্গে নিয়েই কিচেনোর যাত্রা শুরু করছি।’

তিনি আরো বলেন, ‘অভিনয় আমার ভালোলাগা, ভালোবাসা। তা নিয়মিত করে যেতে চাই। যারা আমাকে নিয়ে কাজ করেন তারা যেন এটা না ভাবেন যে আমি ব্যবসার কাজে সময় দিবো বেশি। অভিনয়ে আমি নিয়মিত থাকতে চাই। পাশাপাশি যে সময়টুকু পাই তা সংসারে আর ব্যবসার কাজে ব্যয় করতে চাই।’

খুলনার মেয়ে ডায়না নিজেকে একজন অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ২০০৭ সালে দেবাশীষ বিশ্বাসের নির্দেশনায় ‘চিঠি’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে মিডিয়াতে তার যাত্রা শুরু হয়। তার অভিনীত প্রথম সিনেমা ছিলো খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’। সর্বশেষ তিনি সাইফ চন্দনের নির্দেশনায় ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ সিনেমায় অভিনয় করেন যা গত বছর মুক্তি পায়।

এদিকে সৈয়দ শাকিলের নির্দেশনায় ডায়না নিয়মিত ‘শান্তি অধিদপ্তর’ নাটকে অভিনয় করছেন। গত ঈদে তার অভিনীত অঞ্জন আইচ পরিচালিত টেলিফিল্ম ‘বাতেন সাহেবের দাঁতে বিরাট সমস্যা’ একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হয়। এতে ডায়নার অভিনয় বেশ প্রশংসিত হয়।

 ইত্তেফাক/ইএইচএম