প্রাইভেট কার খালে ৩ শিশুসহ নিহত ৫

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খালে পড়ে গেলে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার ছিলোনিয়া ব্রিজের কাছে রবিবার সকাল সাড়ে সাতটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 
পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর চাটখিল থেকে থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩১-৫৫৪১) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার ছিলোনিয়া এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে ডুবে যায়। এ সময় ওই প্রাইভেট কারের যাত্রী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সোবহানপুর গ্রামের বাসিন্দা ও ঢাকাস্থ আল-আরাফাহ ব্যাংকে কর্মরত আনোয়ারুল কবির সোহাগ (৩৮), তার ছেলে শিশু সাহেদ আল মুন্তাকিম শাহীন (৪), বার্জার পেইন্টসে কর্মরত একই এলাকার বাদশা মিয়ার ছেলে শাহাবুদ্দিন রবি (৪২), তার মেয়ে রাইকা তাবাসুম (৬), অপর মেয়ে রাইসা মুনতাসির (১১) পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া নিহত শাহাবুদ্দিন রবির স্ত্রী জান্নাতুম নাঈম (২৮), তার কন্যা মাহী মুনতাসির (৬), নিহত আনোয়ারুল কবির সোহাগের অন্তঃসত্ত্বা স্ত্রী মারজান বেগম নিশু (৩২) গুরুতর আহত হন। আহতদের কুমিল্লা ও লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, ওই খালের পানি বিষাক্ত।
 
লাকসাম থানার ওসি (তদন্ত) আশফাকুর রহমান জানান, ‘থানা ও হাইওয়ে পুলিশ, লাকসাম ফায়ার সার্ভিস ও কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পানির নিচ থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার এবং নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে। তবে চালককে পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার পর ওই চালক পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’ 
 
উল্লেখ্য, এ দুর্ঘটনার মাত্র ২২ দিন আগে গত ২৭ আগস্ট লক্ষ্মীপুর থেকে ঢাকা বিমান বন্দরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ  হারিয়ে ঐ স্থানে খালে পড়ে গেলে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হন। অবিলম্বে দুর্ঘটনাপ্রবণ ওই স্থানটির বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।
 
গর্ভের সন্তানকেও হারালেন নিশু
 
কুমিল্লা প্রতিনিধি জানান, এদিকে আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা মারজান বেগম নিশুকে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে (কুমিল্লা মেডিক্যাল সেন্টার) ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেন। হাসপাতালের গাইনি বিভাগের কর্তব্যরত চিকিত্সক দিলদার সুলতানা স্বপ্না জানান, নিশুকে হাসপাতালে আনা হলে তার পেটে প্রচণ্ড ব্যথা দেখা দেয়। এরপর তাকে পরীক্ষা করে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। রোগীর অবস্থা এখন ভালো, তিনি আইসিইউতে চিকিত্সাধীন আছেন। এ দুর্ঘটনায় নিশুর স্বামী আনোয়ারুল কবির সোহাগ, সন্তান সাহেদ আল মুন্তাকিম শাহীন নিহত হন। স্বামী ও দুই সন্তানকে হারিয়ে শোকে নির্বাক হয়ে পড়েছেন মারজান বেগম নিশু।
 
গোপালগঞ্জে নিহত ২
 
গোপালগঞ্জ  প্রতিনিধি জানান, বাসের নিচে পড়ে ২ ইজিবাইক যাত্রী নিহত ও গুরুতর আহত হয়েছে আরো ৩ যাত্রী। রবিবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহত ৩ জনকে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত একজন হলেন সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের শেখ আজিমের স্ত্রী কল্পনা বেগম (৪৫) । নিহত অপর জনের নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি।
 
চট্টগ্রামে পথচারী নিহত
 
চট্টগ্রাম অফিস জানায়, নগরীর দেওয়ানহাট এলাকায় বাসের ধাক্কায় মো. ছালেহ আহমদ (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছে। গতকাল রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সালেহ আহমদ নগরীর হালিশহর থানার ঈদগাঁ এলাকার মৃত সুজন মিয়ার পুত্র।
 

ইত্তেফাক/এএন