চাঞ্চল্যকর শিশু ইমন হত্যা মামলা আজ সোমবার সিলেটের দ্রুতবিচার ট্রাইবুনালে উঠছে। এ দিন গ্রেফতারকৃত আসামিদের প্রথমবারের মতো দ্রুতবিচার ট্রাইব্যুনালে হাজির করা হবে। এর আগে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে মামলাটি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ প্রথমদিন আসামিদের উপস্থিতির মধ্য দিয়ে ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম শুরু হবে।
সূত্র জানায়, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে ও লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার কমিউনিটি বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র ছিল ইমন। ২০১৫ সালের ২৭ মার্চ তাকে অপহরণ করে পরে মুক্তিপণের দুই লাখ টাকা না পেয়ে অপহরণকারীরা শিশু ইমনকে হত্যা করে। এ ঘটনায় নিহত ইমনের বাবা জহুর আলী বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাতক থানায় মামলা করেন।