বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর আমবাগান এলাকায় যাত্রীবাহী বাস ও লোহার অ্যাঙ্গেল বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি। সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ব-১১-০২৯৬) ওই স্থানে পৌঁছলে বিপরীতমুখি লোহার অ্যাঙ্গেল বোঝাই ট্রাকের সংঘর্ষ ঘটে। এসময় লোহার অ্যাঙ্গেল একটি বাসের সামনে ঢুকে চালকের আসন হয়ে বাসের পেছন দিয়ে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। তবে ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয় বলে এই কর্মকর্তা জানান।
বাকিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) ও শেরপুর উপজেলা কমপেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালের দিকে আরো একজন মারা যান বলে বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া আহত আরো দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ইত্তেফাক/কেকে