মাটিরাঙ্গায় সরকারি বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান।
 
তিনি বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চত করতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাস রুম চালু বাধ্যতামুলক করেছে। ডিজিটাল ক্লাসরুম চালুর মধ্য দিয়ে শিক্ষার্থীরা সাধারণ পাঠ্যক্রমের পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।
 
তিনি আরো বলেন কিছুটা বিলম্বে হলেও মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া।
 
মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণসম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও সহকারী শিক্ষক মো: ফারুক আহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।