বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 'বিএনপিকে নির্মূল করতে সরকার দেশব্যাপী জঙ্গিবাদ বিরোধী অভিযান পরিচালনার নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে ‘প্রশাসনিক কমিটি’ গঠন করেছে।'
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, জনআকাঙ্খা ছিল দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য সৃষ্টি করে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলা করা। কিন্তু সরকার তা না করে শুধু তাদের নেতাকর্মীদের দিয়ে জঙ্গিবাদ বিরোধী কমিটি করেছে। এর ফলে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। ঠাকুরগাঁও, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।
জঙ্গিবাদ বিরোধী এই কমিটি দিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা ও কাল্পনিক অভিযোগে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
বিএনপি সরকারের শাসনামলে সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোরভাবে দমন করা হয়েছিল দাবি করেন নজরুল।
ইত্তেফাক/কেকে