টঙ্গিবিস্ফোরণ : উচ্চ পর্যায়ের তদন্তে কমিটি গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদের

ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বয়লার বা গ্যাস বিস্ফোরণের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের আন্ত:মন্ত্রণালয় কমিটি গঠনের নির্দেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনাপত্র শিল্প মন্ত্রণালয়ে পাঠনো হয়েছে। 
 
গত ১০ সেপ্টেম্বর টঙ্গি শিল্প এলাকার ওই কারখানায় বয়লার বা গ্যাস ফিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪ জন নিহত, বহু আহত এবং ভবনটিও ধসে যায়।
 
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে এ ধরনের ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসক গাজীপুরের সমন্বয়ে একটি আন্ত:মন্ত্রণালয় কমিটি করা প্রয়োজন। কমিটি কী কারণে এ ধরনের ঘটনা ঘটে সেটি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সুপারিশ করবে।
 
এদিকে ওই অগ্নিকাণ্ড সম্পর্কে গাজীপুর জেলা প্রশাসন যে প্রতিবেদন দিয়েছে তাতে বলা হয়েছে কারখানাটির বয়লার বা গ্যাস বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। এতে কারখানার চারটি ভবনের মধ্যে একটি এক তলা ও একটি তিনতলা ভবন সম্পূর্ণ ধসে গেছে। একটি পাঁচ তলা ভবনও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভি আইপি প্রটোকল ও উদ্ধারকাজে ব্যস্ততার জন্য জেলা প্রশাসন এ প্রতিবেদন দিতে দেরি করেছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো প্রতিবেদনে এ বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধ করেছেন গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম। গত ১৬ সেপ্টেম্বর  মন্ত্রিপরিষদ বিভাগে এ প্রতিবেদন দাখিল করেন জেলা প্রশাসক।