ফেনীর সোনাগাজীতে অভ্যন্তরীণ কোন্দলের জেরে যুবলীগের এক নেতা গুলি করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার দুপুরে উপজেলার চরবদরপুর গ্রামে এ ঘটনা। গুলিবিদ্ধ আনোয়ার খায়ের (৩৮) চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা বলেন, আনোয়ার খায়ের ডান হাতে গুলিবিদ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আনোয়ার খায়ের অভিযোগ করেন, সোমবার দুপুরে নিজ বাড়ির সামনে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে ওমর ফারুক ও তার সহযোগী কামরুল ওরফে শাটার কামরুল তাকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কথা বলার জন্য ওমর ফারুককে একাধিক বার ফোন করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ।