কোচ জিনেদিন জিদানের প্রশংসায় ভাসলেন হামেস রদ্রিগেস ও করিম বেনজেমা। এসপানিওলের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো আর গ্যারেথ বেলহীন রিয়াল মাদ্রিদের ২-০ গোলের জয়ে তারকাদ্বয়ের অভাব বুঝতে না দেওয়ায় হামেস ও বেনজেমার প্রতি নিজের মুগ্ধতার কথা জানালেন ফরাসি এই কোচ।
রোনালদো ফ্লুতে আক্রান্ত হওয়ায় এবং বেল নিতম্বের চোটের কারণে এসপানিওলের বিপক্ষে খেলতে পারেননি। তাদের অনুপস্থিতিতে দলকে জেতাতে জ্বলে ওঠেন হামেস ও বেনজেমা। ফলে লা লিগায় বার্সেলোনার চাইতে তিন পয়েন্টে এগিয়ে থাকলো রিয়াল।
জিদান ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, “তারা (বেনজেমা ও হামেস) প্রতিভাবান খেলোয়াড় এবং পার্থক্য গড়ে দিতে পারে। গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জন্য তারা কী করেছে।”
চলতি মৌসুমে প্রথমবারের মতো মুল একাদশে খেলতে নামা হামেসকে নিয়ে বেশ উচ্ছাস প্রকাশ করেন জিদান। তিনি বলেন,“আমি বিশেষ করে হামেসের জন্য খুশি। প্রথম গোলটা তার ছিল, তাই আমি তার পারফরম্যান্স নিয়ে খুব খুশি। তবে শুধু গোলের জন্যই নয়, করিমের পেছনে ১০ নম্বর হিসেবে খেলে সে যে পরিশ্রম করেছে তার জন্যও আমি খুশি। আমি তাকে ভালো খেলতে দেখেছি।” সকারওয়ে।
ইত্তেফাক/এসএসএ