বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত সংগীত শিল্পী শাহনাজ রহমত উল্লাহ। রবিবার (২৪ মার্চ) জোহরের পর বারিধারার পার্ক রোড জামে মসজিদে জানাজা শেষে বেলা আড়াইটার বনানীর সম্মিলিত সামরিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতা-কর্মী ও ভক্ত-অনুরাগীরা তার জানাজার নামাজে অংশ নিয়ে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন।
জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দাফনের সময় বনানীর ওই কবরস্থানে তথ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ। এছাড়াও দাফনের সময় অন্যদের মধ্যে চিত্রনায়ক ও বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জল, বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ১১৭ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
জানাজার আগে প্রখ্যাত এই সংগীত শিল্পীর স্বামী অবসরপ্রাপ্ত মেজর আবুল বাশার রহমত উল্লাহ স্ত্রীর আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চান। শাহনাজ রহমত উল্লাহর মেয়ে নাহিদ রহমত উল্লাহ লন্ডনে এবং ছেলে এ কে এম সায়েফ রহমত উল্লাহ কানাডায় থাকেন।
ইত্তেফাক/জেডএইচডি