সাদুল্লাপুরে ভ্যান চালককে গলা কেটে হত্যা

 
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোস্তাফিজার রহমান (৪৬) নামে ব্যাটারী চালিত এক রিক্সা-ভ্যান চালককে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।
 
উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজিপাড়া (আইবেলীর টেকানী) এলাকায় আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত মোস্তাফিজার রহমান উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের মফিজল ইসলামের ছেলে।
 
সাদুল্লাপুর থানার ওসি মো. ফরহাদ ইমরুল কায়েস জানান, রাতে মোস্তাফিজার রহমান তার ব্যাটারী চালিত রিক্সা-ভ্যানটিতে ৪ জন যাত্রী নিয়ে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের গাছুরবাজার থেকে ভাতগ্রামে যাচ্ছিলেন। পথে ভ্যানটি ওই এলাকায় পৌঁছিলে যাত্রীবেশি দূর্বৃত্তরা ভ্য্যানটি থামিয়ে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় মোস্তাফিজারের চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিতে থাকে। পথিমধ্যে তিনি মারা যান।
 
মো. ফরহাদ আরো জানান, ঘটনাস্থল থেকে রিক্সা-ভ্যান ও লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা রিক্সা-ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রীবেশে ভ্যানে উঠে। দূর্বৃত্তদের সনাক্ত ও তাদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে। 
 
ইত্তেফাক/এএন